প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেক্স : নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় আত্রাই নদীসংলগ্ন পানিতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রসপুর গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তাদের খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে মাছ ধরতে আসা মো. মোশাররফ হোসেন জাল ফেললে জালের সঙ্গে শিশু দুটির মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গত ১৮ মাসে নওগাঁ জেলায় ১৮ বছরের কম বয়সী প্রায় অর্ধশত শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে অনেক শিশু মাছ ধরতে গিয়ে, খেলাধুলার সময় কিংবা পরিবারের অসাবধানতা ও পর্যাপ্ত নজরদারির অভাবে পুকুর, নদী বা অন্যান্য জলাশয়ে পড়ে প্রাণ হারিয়েছে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি নজরদারি, বিশেষ করে নদী, পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়া এবং পানিতে নামার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
© দৈনিক চেতনার কন্ঠ